স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী ভাগানোর অভিযোগ
মা ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি (এমএনএইচ) চালু থাকার পরও বছর খানেক ধরে চিকিৎসকের অভাবে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ সুযোগে স্থানীয় ক্লিনিকের দালালেরা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ভাগিয়ে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার দুপুরে স্থানীয় মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি ওষুধ জব্দ করেছেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী ভাগিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম নাজমুল হামিদ বলেন, ওই ক্লিনিকে বেশ কিছু রোগী ভর্তি থাকায় সেটি সিলগালা করা হয়নি। তবে ক্লিনিকের মালিকের বিরুদ্ধে রোগী ভাগিয়ে আনা ও সরকারি ওষুধ মজুত রাখার অভিযোগে নিয়মিত মামলা করা হবে।
হাসপাতাল ও রোগীর স্বজন সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে হরিপুর উপজেলার জামুন বড়বাড়ি গ্রামের আলী আকবর তাঁর স্ত্রী সাবিনা বেগমকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে সেবিকা ও দুজন আয়া সাবিনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। বেলা একটার দিকে হরিপুর ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের ব্যবস্থাপক মো. রেজাউল রোগীর স্বজনদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি জানান, এ হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা হয় না। একপর্যায়ে তিনি রোগীকে তাঁদের ক্লিনিকে নিয়ে সন্তান প্রসব করানোর প্রস্তাব দেন। তাঁর কথা শুনে সাবিনার স্বজনেরা হাসপাতালের সেবিকা ও আয়াদের গালমন্দ করতে শুরু করেন। সে সময় এক সেবিকা সাবিনার স্বামীকে ডেকে রোগীকে ক্লিনিকে নিয়ে ভর্তি করাতে বলেন। এরপর রেজাউল সাবিনাকে তাঁদের ক্লিনিকে নিয়ে যান। পরে সেখানে সাবিনার স্বজনদের সঙ্গে রেজাউলের বিরোধ বাধে। সেখান থেকে আরেক দালাল সাবিনাকে রানীশংকৈলের িশবদীঘি এলাকার আল মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ভর্তি করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীরা সাবিনাকে কোন চিকিৎসক অস্ত্রোপচার করবেন, তা দেখার জন্য ক্লিনিকে ঢুকে পড়েন। ওই সময় তাঁরা অস্ত্রোপচার কক্ষে বেশ কিছু সরকারি ওষুধ দেখতে পেয়ে বিষয়টি জেলা প্রশাসককে জানান। জেলা প্রশাসক সেখানে একজন নির্বাহী হাকিম পাঠিয়ে দেন। তিনি ক্লিনিক থেকে বেশ কিছু সরকারি ওষুধ জব্দ করেন। অবস্থা বেগতিক দেখে ক্লিনিকের লোকজন পালিয়ে যান। পরে সাবিনাকে এমএনএইচ প্রতিনিধি মো. শামসুজ্জামানের সহায়তায় ঠাকুরগাঁওয়ের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে পঠিয়ে দেওয়া হয়। সেখানে সাবিনা স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি মেয়েশিশুর জন্ম দেন।
এ বিষয়ে আল মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জোবাইদুল হকের সঙ্গে মুঠোফোনে পাঁচ-ছয়বার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সাবিনার স্বামী আলী আকবর বলেন, ‘সকালে রোগী নিয়ে এলেও হাসপাতালের নার্সরা সময় নষ্ট করেন। রোগীর অবস্থা খারাপ হতে থাকলে তাঁরা এক লোককে দেখিয়ে তাঁর সঙ্গে ক্লিনিকে চলে যেতে বলেন। এখানে ডেলিভারি করালে সব ওষুধ ফ্রি পাওয়া যায় শুনে আমরা এখানে এসেছিলাম। এখন দেখি এ কথা ঠিক নয়।’
এ বিষয়ে এমএনএইচ প্রতিনিধি মো. শামসুজ্জামান বলেন, বছর খানেক ধরে রানীশংকৈলে স্ত্রীরোগ (গাইনি) চিকিৎসক-সংকটের কারণে গর্ভবতীর অস্ত্রোপচার বন্ধ রয়েছে। স্বাভাবিক প্রসব হওয়ার সুযোগ থাকলেও অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর চেষ্টা অন্যায়।
রানীশংকৈল উপজেলা পরিবারকল্যাণ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। রোগীকে ক্লিনিকে পাঠিয়ে দেওয়ার অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।