স্বাস্থ্য কমপ্লেক্সে আ.লীগ নেতার অনুসারীদের হামলা!
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে। এ সময় পৌরসভা কার্যালয়ের ভেতরে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় লুটপাটের চেষ্টা করা হয়। পরে দুর্বৃত্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রবেশ করে ভাঙচুর করে এবং কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে।
সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি রোকনুজ্জামান অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজন পৌরসভায় হামলা চালিয়ে চেয়ার-আসবাব ভাঙচুর করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
অভিযোগের ব্যাপারে জানতে হারুন অর রশিদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, মেয়র রোকনুজ্জামানের সঙ্গে হারুন অর রশিদের দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের জের ধরে হারুনের লোকজন এই তাণ্ডব চালিয়েছে।
সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক রোকসানা পারভীন জানান, দুর্বৃত্তরা ব্যাংকে লুটের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কয়েকটি মোটরসাইকেল ও জানালা ভাঙচুর করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমান জানান, ‘দুর্বৃত্তরা জরুরি বিভাগে প্রবেশ করে প্রথমে চেয়ার ভাঙচুর করে। পরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমাকে লাঞ্ছিত করে। একপর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা অন্য কক্ষে আশ্রয় নিই।’ ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ উদ্দিন জানান, দুর্বৃত্তরা হঠাৎ করেই জরুরি বিভাগে প্রবেশ করে ভাঙচুর করে ও চিকিৎসককে লাঞ্ছিত করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন তিনি।