স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় গত রোববার ছাত্রলীগের বিক্ষোভ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় গত রোববার ছাত্রলীগের বিক্ষোভ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী ও তাঁর শিক্ষক বন্ধু গত শনিবার ছাত্রলীগের এক নেতাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে ওই শিক্ষক পাল্টা অভিযোগ করে বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেছেন।
ছাত্রলীগের নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় গত রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।
উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম বলেন, তিনি শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের এক কর্মীকে দেখতে যান। বেরিয়ে আসার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শাহ আল এমরান হাসপাতালে আসার কারণ জানতে চান এবং তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় সেখানে আল এমরানের বন্ধু উপজেলা যুবলীগের আহ্বায়ক নূর শামীম এবং নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত হন। তর্ক-বিতর্কের একপর্যায়ে জাহাঙ্গীর ও আল এমরান তাঁকে মারধর করেন।
জাহাঙ্গীর আলম বলেন, তাঁর বন্ধু আল এমরানকে লাঞ্ছিত করার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন ও মাজহারুলকে পাঠিয়ে দেন। এরপর স্কুলে যাওয়ার পথে ডাকবাংলো মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম পথ রোধ করে তাঁকে কিলঘুষি মারেন। এ ঘটনায় তিনি স্থানীয় সাংসদ, শিক্ষক সমিতি ও মুক্তিযোদ্ধা কমান্ডে মৌখিক অভিযোগ দিয়েছেন।

তবে শাহিনুর ইসলাম বলেন, ছাত্রলীগের সহসভাপতিকে মারধরের কারণ জানতে তিনি জাহাঙ্গীর আলমকে আটকান। জাহাঙ্গীরকে মারধর করা হয়নি। তবে হাতাহাতি হয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট আল এমরান অভিযোগ করেন, হাসপাতালে নতুন ভবন নির্মাণের কাজ হচ্ছে। কর্মরত ঠিকাদার আলাদা বিদ্যুৎ-সংযোগ না নিয়ে অবৈধভাবে হাসপাতালের বিদ্যুৎ-সংযোগ দিয়ে কাজ করছেন। ছাত্রলীগের নেতা মাজহারুল ঠিকাদারের হয়ে হাসপাতালের আগের স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি-ধমকি দিয়ে এসব করাতেন। নতুন যোগদান করা স্বাস্থ্য কর্মকর্তা ঠিকাদারকে তা সংশোধন করতে বলেন। শনিবার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর পরপরই মাজহারুল হাসপাতালে আসেন। তিনি মাজহারুলকে ঠিকাদারের পক্ষ না নেওয়ার অনুরোধ জানান। এতে মাজহারুল ক্ষিপ্ত হয়ে তাঁকে লাঞ্ছিত করেন।

ঠিকাদারের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম গতকাল সোমবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ছাত্রলীগের নেতা মাজহারুল তাঁদের কাজে বালু সরবরাহকারী। এখানে টাকার কোনো বিষয় নেই।

এদিকে ছাত্রলীগের নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা নবাবগঞ্জ ডাকবাংলো মুক্তমঞ্চে উপস্থিত হন। এরপর মিছিল নিয়ে তাঁরা ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে স্মারকলিপি দেন। এ সময় তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া আল এমরানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, তিনি গত ২৭ নভেম্বর ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। বিষয়টি তিনি স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ইউএনওর সঙ্গে পরামর্শ করে তিনি ঠিকাদারের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন। অন্যান্য অনিয়মের বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।