স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে তালা, প্রতিবাদে কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসাইনকে তাঁর কার্যালয় থেকে বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘুষ দেওয়ার পরও স্বাস্থ্য সহকারী পদে চাকরি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উপজেলার কয়েকজন প্রার্থী ও তাঁদের লোকজন গতকাল রোববার এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা একটা থেকে জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকেরা।
জানা গেছে, উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেওয়ার নামে ১২ জনের কাছ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন কর্মচারীর মাধ্যমে সাবেক সিভিল সার্জন নারায়ণচন্দ্র দাস ৩৬ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিয়োগবঞ্চিত রাহাত সুলতানা গত ৩০ জুলাই সাবেক সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দেন। গত ৩ আগস্ট নিয়োগ বাতিল ও সিভিল সার্জনের বিচারের দাবিতে হাসপাতাল চত্বরে কসবা সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সভা হয়। সভা থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসাইনকে ঘুষের বিনিময়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের গ্রহণ না করতে হুঁশিয়ার করে দেন বক্তারা। গত দুই দিন ধরে নিয়োগ পাওয়া ব্যক্তিরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কাজ করছেন। এ খবর পেয়ে নিয়োগবঞ্চিতরা গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে এসে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ১৫-২০ জন উত্তেজিত লোক স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে যান। তাঁরা কর্মকর্তাকে কক্ষ থেকে বের হতে বলেন। তিনি বের হতে না চাইলে কয়েকজন তাঁকে মারতে যান। একপর্যায়ে জোরপূর্বক তাঁকে বের করে দিয়ে তাঁর কার্যালয়ে তাঁরা তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইকবাল হোসাইন বলেন, স্বাস্থ্য সহকারী পদে যাঁরা যোগদান করেছেন তাঁদের কাজ করতে দেওয়ায় ১৫-২০ ছেলে জোরপূর্বক তাঁকে কার্যালয় থেকে বের করে দেন। এঁদের মধ্যে কাউকে চেনেন না। শুধু উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েলকে তিনি দেখেছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন ওরফে জুয়েল দাবি করেন, ‘স্বাস্থ্য সহকারী পদে চাকরি না পাওয়া ব্যক্তিরা এলাকার লোকজন নিয়ে হাসপাতালের কক্ষে তালা ঝুলিয়েছেন। হাসপাতাল থেকে আমাকে ফোন করলে আমি সেখানে গিয়ে লোকজনদের নিয়ে আসি। তবে তালা দেওয়ার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।’
কসবা থানার ওসি মিজানুর রহমান বলেন, চাকরিবঞ্চিতরা উত্তেজিত হয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ব্যাপারে মৌখিক কিংবা লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সিভিল সার্জনের দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।