স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে নবজাতক পরিচর্যার শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবজাতক শিশুদের পরিচর্যার জন্য তৈরি করা ন্যাটাল স্ট্যাবলাইজেশন ইউনিটে (এনএসইউ) একটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র লাগানোর কথা। কিন্তু যন্ত্রটি সেখানে না লাগিয়ে লাগানো হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে!
অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাদেরের নির্দেশে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোকজন ওই শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রটি তাঁর কক্ষে স্থাপন করেছেন।
এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, এমনকি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও। তাঁদের অভিযোগ, সরকার নবজাতকের মৃত্যুহার কমানোর জন্য যেখানে এত কাজ করছে, সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার এমন কাজ খুবই হতাশাজনক।
সম্প্রতি সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘুরে দেখা যায়, এনএসইউ ইউনিটে একটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র লাগানোর কথা থাকলেও তা লাগানো হয়নি। তার পরিবর্তে যন্ত্রটি লাগানো হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে। অথচ স্বাস্থ্য কর্মকর্তার কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের উপযোগীও নয়। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দপ্তরে পাওয়া যায়নি।
এ সময় একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রটি ন্যাটাল স্ট্যাবলাইজেশন ইউনিটের জন্য বরাদ্দ ছিল। কিন্তু ওই ইউনিটে না লাগিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁর কক্ষে লাগিয়েছেন। এতে ওই ইউনিটটি নবজাতক শিশুদের কোনো কাজে আসছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাদের মুঠোফোনে দাবি করেন, তিনি নিষেধ করার পরও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (সিএমএমইউ) লোকজন এনএসইউ ইউনিটের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রটি তাঁর কক্ষে লাগিয়ে দিয়ে গেছেন।
কিন্তু নিষেধ উপেক্ষা করে তাঁর কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র লাগানোর সুযোগ আছে কি না, এমন প্রশ্নে উত্তর এড়িয়ে যান এই স্বাস্থ্য কর্মকর্তা।
সিভিল সার্জন মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এনএসইউ ইউনিটের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে লাগানোর কোনো সুযোগ নেই। তা ছাড়া তিনি ওই সুবিধা (এসি) পাওয়ার যোগ্য নন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অপরদিকে, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সেকান্দার আলী প্রথম আলোকে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ইচ্ছার বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। তিনি যেখানে বলেছেন সংস্থার ঠিকাদার সেখানেই শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রটি লাগিয়ে দিয়েছেন।