স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও কর্মচারীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও নওগাঁর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাজেদুর বিনা ছুটিতে কার্যালয়ে অনুপস্থিত থাকেন। কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণের টাকা আত্মসাৎ করেন। হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের জন্য বরাদ্দ আসা এসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি তাঁর কক্ষে ব্যবহার করছেন। অবসরপ্রাপ্ত এক পিয়নের পেনশন ফাইলে স্বাক্ষর না করায় ওই কর্মচারী টাকা ওঠাতে পারছেন না। এ ছাড়া সম্প্রতি অন্যায়ভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ করতে উপজেলা হিসাবরক্ষকের কার্যালয়ে চিঠি দেন। দুই মাস ধরে ওই ১৩ কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা ওঠাতে পারছেন না।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আবদুল করিম বলেন, চিকিৎসকদের প্রশিক্ষণের তিন লাখ টাকা বণ্টন না করে মাজেদুর আত্মসাৎ করেন। বিভিন্ন অন্যায়-অপকর্মের প্রতিবাদ করায় আমি তাঁর বিরাগভাজন হয়ে পড়ি। অফিস করা সত্ত্বেও তিনি গত ৬ ডিসেম্বর থেকে এ বছরের ১০ জানুয়ারি পর্যন্ত আমাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেননি। প্রায় এক মাস আমাকে অনুপস্থিত দেখিয়েছেন। তিনি বেতনশিটে স্বাক্ষর না করায় জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন ওঠাতে পারিনি। পরে সিভিল সার্জন বিষয়টিতে হস্তক্ষেপ করলে বেতন ওঠাতে পারি। আমার মতো অনেক কর্মকর্তা-কর্মচারী তাঁর হয়রানির শিকার।’

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) শাহিনা সুলতানা বলেন, ‘মাজেদুর স্যারের স্বাক্ষরিত সুপারিশ অনুযায়ী আমরা ১৩ জন কর্মকর্তা-কর্মচারী গৃহনির্মাণ ঋণের জন্য আবেদন করি। আবেদনটি অনুমোদনের পর ঋণের প্রথম কিস্তির টাকাও (৭২ হাজার টাকা) উত্তোলন করি। পরে নিজের সুপারিশ করা ঋণকে অবৈধ উল্লেখ করে ঋণের টাকা ফেরত দিতে নির্দেশ দেন। আমরা ঋণের টাকা ফেরত না দেওয়ায় বেতন-ভাতা বন্ধ করেছেন।’

স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওলজি টেকনিশিয়ান আবদুল হাই আল হাদি বলেন, ‘মে মাসের বেতন পাইনি। ২০ রমজানের মধ্যে জুন মাসের বেতন পাওয়ার কথা থাকলেও আমরা ১৩ জন পাইনি। বেতন-ভাতা না পাওয়ায় ঈদের কেনাকাটা দূরের কথা, দৈনন্দিন প্রয়োজন মেটানোই অসম্ভব হয়ে পড়েছে।’

উপজেলা হিসাবরক্ষকের কার্যালয়ের অডিটর হামিদুর রহমান বলেন, ৩ জুন স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধের নির্দেশনাসংক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা মাজেদুরের একটি চিঠি আসে। ওই ১৩ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ছয়জন নার্স রয়েছেন। নিয়ম অনুযায়ী নার্সদের বেতন-ভাতা ওঠাতে স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন নেই। নিয়মতান্ত্রিকভাবে ওই ছয়জন নার্সের বেতনশিট তিনি অনুমোদন করেন। এটা জানার পর ১০ জুন মাজেদুর ফোনে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। এ বিষয়ে পরদিন তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত রোববার অফিসে গেলে স্বাস্থ্য কর্মকর্তা মাজেদুর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মন্তব্য করবেন না বলে জানান।

সিভিল সার্জন রওশন আরা খানম বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সত্যতা পাওয়ায় তাঁকে শোকজ করা হয়েছিল। শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’