স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জন ছাড়াই সাইনবোর্ডে একাধিক রোগের ‘বিশেষজ্ঞ’ লিখে চিকিৎসা দিচ্ছেন। প্রতারণার বিষয়টি নজরে আসায় মৌলভীবাজারের সিভিল সার্জন মৌখিকভাবে সাইনবোর্ডটি সরাতে বলেন। কিন্তু মিজানুর সেই নির্দেশ মানেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘এ শহরের (কুলাউড়া উপজেলা সদর) আরও অনেকে (চিকিৎসক) কোনো ডিগ্রি অর্জন ছাড়াই বিশেষজ্ঞ পদবি ব্যবহার করছেন। এটা কি কারও চোখে পড়ে না।’ সাইনবোর্ড সরাতে সিভিল সার্জনের নির্দেশের ব্যাপারে তিনি বলেন, ‘লিখিত অর্ডার পেলে আমি তা সরাব।’
সরকারি বাসায় চেম্বার খোলার বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান কুলাউড়ায় যোগদান করেন। কয়েক দিন পরই তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বিধিবহির্ভূতভাবে চেম্বারে খোলেন। ‘নাক, কান, গলা ও শিশুরোগ বিশেষজ্ঞ’ উল্লেখ করে একটি সাইনবোর্ড লাগান। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি ওই চেম্বারে রোগী দেখেন। ১১ মে মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান। একপর্যায়ে মিজানুর রহমানের সাইনবোর্ডটি তাঁর নজরে পড়ে। পরে এটি সরিয়ে ফেলতে তিনি মিজানুরকে নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবারও মিজানুর রহমানের বাসার সামনে সাইনবোর্ডটি দেখা গেছে।
এ বিষয়ে সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ২০১০ সালের আইন অনুযায়ী, নাক, কান ও গলা রোগে বিশেষজ্ঞ হতে হলে ‘ডিএলও অথবা এফসিপিএস (ফেলো অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) ডিগ্রি অর্জন করতে হয়। এ ছাড়া শিশুরোগে বিশেষজ্ঞ হতে হলে এফসিপিএস, মাস্টার্স অব মেডিসিন অথবা ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ ডিগ্রি অর্জন করতে হয়। কিন্তু মিজানুর রহমান এ ধরনের ডিগ্রি ছাড়াই তাঁর সাইনবোর্ডে এসব রোগের ‘বিশেষজ্ঞ’ চিকিৎসক উল্লেখ করেছেন। তাই তাঁকে সাইনবোর্ডটি সরানোর নির্দেশ দেওয়া হয়। সেটা না মেনে তিনি অন্যায় করেছেন।