স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের রামগতিতে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতা রাব্বির বিরুদ্ধে ভুয়া চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ভুয়া চিকিৎসা সনদ ব্যবহার করে যৌতুক নিরোধ আইনে একই পরিবারের ছয় ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এতে পরিবারটি হয়রানির মধ্যে পড়েছে।
উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সোনালী গ্রামের খন্দকারবাড়ির নূর উদ্দিন অভিযোগ করেন, গত ৯ জুলাই তাঁর স্ত্রী নাছরিন আক্তারকে মারধর করার ভুয়া চিকিৎসা সনদ দেন ডা. আতা রাব্বি। ওই চিকিৎসা সনদ ব্যবহার করে নাছরিন ২৪ আগস্ট লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তাঁর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় তাঁর বাবা, ভাইসহ পরিবারের ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
নাছরিনের চিকিৎসা সনদে দেখা যায়, মারধরের আঘাত নিয়ে ৬ জুলাই সকালে তিনি রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ৯ জুলাই তিনি চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়েন। তবে হাসপাতালের ভর্তি রেজিস্টারে ওই সময়ে (৬-৯ জুলাই) তাঁর চিকিৎসাধীন থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর চিকিৎসা সনদে হাসপাতালে ভর্তি নিবন্ধন নম্বর ৩২৫৩/১১ উল্লেখ থাকলেও ভর্তি রেজিস্টারে ওই নিবন্ধন নম্বরে অন্য রোগীর (আসলপাড়া গ্রামের রুবেলের স্ত্রী পারভিন) নাম উল্লেখ রয়েছে। জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মাজহারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া হাসপাতালে অন্তর্বিভাগে আবাসিক রোগীদের জন্য পৃথক একটি রেজিস্টার রয়েছে। অন্তর্বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শাহিনা আক্তার জানান, তাতেও নাছরিনের নাম উল্লেখ নেই।
চেষ্টা করেও এ ব্যাপারে নাছরিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাছরিনের বাবা মুরাদ উদ্দিন জানান, বিয়ের পর নূর উদ্দিন দুই লাখ টাকা যৌতুক নেন। আরও যৌতুক দাবি করে না পাওয়ায় ৬ জুলাই নাছরিনকে মারধর করা হয়। এ কারণে যৌতুক দাবি ও মারধরের ঘটনায় নূর উদ্দিনের বিরুদ্ধে নাছরিন মামলা করেছেন। মামলায় ভুয়া চিকিৎসা সনদ ব্যবহার করার কথা মুরাদ উদ্দিন অস্বীকার করেন।
ডা. আতা রাব্বি ভুয়া চিকিৎসা সনদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে নাছরিনের চিকিৎসা সনদটি তিনিই দিয়েছেন বলে স্বীকার করেন। তিনি বলেন, রোগী নিবন্ধনের দায়িত্বে থাকা কর্মকর্তার অসাবধানতার কারণে নিবন্ধন রেজিস্টারে নাছরিনের নাম বাদ পড়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে হবে।