স্বাস্থ্য পরীক্ষার নামে অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিভিল সার্জনের বিরুদ্ধে স্বাস্থ্য পরীক্ষার নামে চাকরিতে যোগদানকারী ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত দুই দিনে এভাবে ১০০ জনের কাছ থেকে ৪০০ টাকা করে আদায় করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের চাকরিতে যোগদানের আগে এই সনদ নিতে হচ্ছে।
চাকরিতে যোগদানকারী কয়েকজন শিক্ষক জানান, সিভিল সার্জনের কার্যালয়ে তাঁদের কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা না করেই নগদ ৪০০ টাকা করে নেওয়া হয়েছে। সিভিল সার্জন তাঁদের শুধু ‘অতীতে বড় কোনো অসুখে ভুগেছেন কি না, চশমা পরেন কি না’—এমন কয়েকটি প্রশ্ন করে স্বাস্থ্য পরীক্ষার সনদ দিয়ে দিচ্ছেন। তা ছাড়া টাকা নেওয়া বাবদ কোনো রসিদও দেওয়া হচ্ছে না।
এই সনদের নাম হচ্ছে ‘সরকারি চাকরির জন্য প্রার্থীর স্বাস্থ্যবিষয়ক সার্টিফিকেট’। এতে প্রার্থীর বাঁ হাতের পাঁচটি আঙুলের ছাপ নেওয়া হয়। সিভিল সার্জনের পক্ষ থেকে দেওয়া সনদে লেখা, ‘আমি এতদ্দ্বারা প্রত্যয়ন করিতেছি যে আমি...বিভাগ চাকরির জন্য প্রার্থী...কে পরীক্ষা করিয়াছি। তাহার শরীরে কোনো রোগ বা গঠনগত দুর্বলতা, আঙ্গিক অক্ষমতা পাই নাই।’
স্বাস্থ্য পরীক্ষার নামে অর্থ আদায় করা হচ্ছে কিন্তু তার রসিদ দেওয়া হচ্ছে না কেন, প্রশ্নে রাজশাহীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফাহানা হক বলেন, এই টাকার কিছু অংশ সরকারি ও কিছু অংশ অফিস খরচের জন্য রাখা হচ্ছে। যে টাকা সরকারের ঘরে যাবে, তার জন্য কেন রসিদ দেওয়া হচ্ছে না, এ প্রশ্নে তিনি বলেন, আসলে কতটুকু সরকারের ঘরে যাবে তা তিনি জানেন না। তবে নিয়ম অনুযায়ী টাকা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষা না করে টাকা নেওয়ার প্রসঙ্গে ফাহানা হক জানান, একজন তরুণ কক্ষে ঢুকে তাঁদের দিকে তাকালেই প্রাথমিকভাবে তাঁরা বুঝতে পারেন যে মানুষটা সুস্থ কি না। তা ছাড়া কিছু প্রশ্নের মাধ্যমে তাঁরা একজন মানুষের সুস্থতা সম্পর্কে একটা ধারণা পেয়ে যান। তিনি আরও বলেন, পরীক্ষা করে সনদ দিতে হলে অনেক সময় লাগবে। এতে প্রার্থীরাই চাকরিতে যোগদানে পিছিয়ে পড়বেন। তাঁরাও চাকরির সময় এভাবে সনদ নিয়েছেন।