স্বাস্থ্য ফি দিলেও চিকিৎসা পাচ্ছেন না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছরই স্বাস্থ্য ফি নেওয়া হয়। কিন্তু কলেজের স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসাসেবা মিলছে না বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। শুধু পরামর্শপত্র দিয়েই ছেড়ে দেওয়া হয়। এ অবস্থায় কলেজে পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি করেছেন শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী জানান, বছরের পর বছর ধরে তাঁদের কাছ থেকে স্বাস্থ্য ফি নেওয়া হচ্ছে। কিন্তু বিনিময়ে নেই কোনো সেবা। বিষয়টি নানা সময়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না।
স্বাস্থ্য খাতে শিক্ষার্থীদের কত টাকা ব্যাংকে জমা হয়েছে, জানতে চাইলে কলেজের কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম তা জানেন না বলে দাবি করেন।
সরেজমিনে দেখা গেছে, কলেজ ক্যাম্পাসে পুরোনো একটি ভবনে স্বাস্থ্যকেন্দ্রটি অবস্থিত। ভবনটিতে মাত্র তিনটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি কক্ষে চিকিৎসক, আরেকটি কক্ষে চিকিৎসা সহকারী বসেন। তাঁদের জন্য রয়েছে আলাদা টেবিল-চেয়ার। অপর কক্ষটিতে রয়েছে রোগীর প্রাথমিক চিকিৎসার জন্য একটি ছোট শয্যা।
জানা যায়, চিকিৎসকের বেতন ছয় হাজার টাকা, আর চিকিৎসা সহকারীর চার হাজার টাকা। চিকিৎসক সপ্তাহে চার দিন এবং চিকিৎসা সহকারী শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিনই সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দায়িত্ব পালন করেন। জানতে চাইলে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বজলুর রহমান বলেন, ‘আমি এখানে ২০ বছর ধরে আছি। এখানে কোনো ওষুধ নেই। নেই গজ ব্যান্ডেজও। শিক্ষার্থীরা এলে তাঁদের শুধু পরামর্শ দেওয়া হয়।’ তিনি বলেন, ‘এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা দিতে না পারলে খারাপই লাগে। কিন্তু এখানে আমারই-বা কী করার আছে?’
কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছেন। ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা নেওয়া হয় স্বাস্থ্য ফি বাবদ। এ ছাড়া প্রতি বর্ষ শেষেও একই হারে ফি নেওয়া হয়। এ টাকা জমা হয় কলেজের চিকিৎসা তহবিলে। ক্যাম্পাসে অবস্থিত তাপসী রাবেয়া ছাত্রীনিবাসের এক শিক্ষার্থী বলেন, ‘এক মাস আগে অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসা পাইনি।’ একই অভিযোগ ছাত্রীনিবাসের আরও কয়েকজন শিক্ষার্থীর।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকশি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার দাবি জানিয়ে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি।
জানতে চাইলে অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু স্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থার কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘এখানে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়।’