স্বাস্থ্য বিভাগে নিয়োগ-দুর্নীতি সাবেক দুই কর্মকর্তা কারাগারে
সুনামগঞ্জে স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল নিয়োগে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সিলেটের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ও সাবেক সহকারী পরিচালক মো. আবদুল মুনিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. ইসরাইল হোসেন তাঁদের জেলহাজতে প্রেরণের এই আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের মার্চ মাসে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এতে ১২০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে। পরে নিয়োগবঞ্চিতদের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করা হয়। একইভাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম এ বিষয়ে তদন্ত করে নিয়োগ পরীক্ষায় নানা অনিয়ম হয়েছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেন।
তদন্ত প্রতিবেদনে শেখ আবদুস সালাম উল্লেখ করেন, ১২০টি পদের মধ্যে ৩৬ জন মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৩২ জন, এতিম-প্রতিবন্ধী কোটায় ১২ জনের মধ্যে একজন, আনসার-ভিডিপি কোটায় ১২ জনের মধ্যে চারজনকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া উপজাতি কোটায় ছয়জনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও কাউকে তা দেওয়া হয়নি। এর বাইরে যোগ্য প্রার্থীকে অযোগ্য বিবেচনায় এনে কমিটির পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। নম্বরপত্রে কাটাকাটি করে কোনো কোনো পরীক্ষার্থীকে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর গত বছরের ২২ এপ্রিল শেখ আবদুস সালাম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুনামগঞ্জের তৎকালীন সিভিল সার্জন মো. হারিস উদ্দিন আহমেদ, সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ইকবাল হোসেন চৌধুরী, সহকারী পরিচালক আবদুল মুনিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. হালিম মিয়া, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম ও সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী মো. আবদুল খালেককে বিবাদী করা হয়।
মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুচ্ছায়াদাত গত ১৯ অক্টোবর বিবাদীদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় গতকাল ইকবাল হোসেন চৌধুরী ও আবদুল মুনিম চৌধুরী জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।