চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের কর্মী নাজিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিনা মূল্যের টিকা দেওয়ার সময় অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে হাতেনাতে ধরেছেন নগরের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম।
গতকাল সামবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের চশমাহিল এলাকায় নগর স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজিম উদ্দিন এই স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োজিত আছেন।
সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন, নাজিম উদ্দিন টিকা দেওয়ার বিনিময়ে শিশুদের অভিভাবকদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা নিতেন বলে অভিভাবকেরা তাঁর কাছে অভিযোগ করেন। সোমবার সকালে অভিযোগের সত্যতা পেয়েছেন তিনি। স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে। তিনি বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শুধু নিবন্ধন ফি হিসেবে ১০ টাকা করে নেওয়া হয়। টিকার জন্য কোনো টাকা নেওয়া হয় না।
অভিযোগের বিষয়ে নাজিম উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী বলেন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেয়র ও সচিবকে লিখিতভাবে জানানো হয়েছে।