স্বাস্থ্যকেন্দ্রে ধর্ষণের শিকার গৃহবধূ!
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে এক গৃহবধূ (২৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাসেল মুন্সি (৩০) নামের এক যুবককে আসামি করে জাজিরা থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।
জাজিরা থানা সূত্র জানায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই গৃহবধূ। তাঁর বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। স্বামীর বাড়ি জামালপুর জেলায়। তিনি জাজিরায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার উপজেলা সদরের ‘ময়না ক্লিনিক’ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী রাসেল মুন্সি কিছু পরীক্ষা করার কথা বলে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ভেতরে ট্রমা সেন্টারের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে একটি বাথরুমে আটকে তাঁকে ধর্ষণ করেন। পরে হাসপাতালের কর্মীরা গৃহবধূকে উদ্ধার করে তাঁর ওয়ার্ডে নিয়ে যান।
এ ঘটনায় রাসেল মুন্সির বিরুদ্ধে গত শনিবার মামলা করেন ওই গৃহবধূ। গতকাল রোববার তাঁকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার জন্য নিয়ে আসে জাজিরা থানার পুলিশ। আদালত চত্বরে কান্নাজড়িত কণ্ঠে গৃহবধূ বলেন, ‘কিছু মেডিকেল টেস্ট করানোর জন্য ময়না ক্লিনিকের রাসেল মুন্সির সঙ্গে ক্লিনিকে যাচ্ছিলাম। সে আমাকে ট্রমা সেন্টারের দোতলায় নিয়ে ধর্ষণ করে।’
ঘটনার পর থেকে রাসেল মুন্সি পলাতক। তাঁর বাড়ি একই উপজেলার আক্কেল মাহামুদ মুন্সিকান্দি গ্রামে। সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।