স্বাস্থ্যকেন্দ্রে যুবলীগ নেতার বসবাস!
বরগুনার বামনা উপজেলায় নুরুল আলম নামের যুবলীগের এক নেতা রামনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ভবন দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন। নুরুল আলম উপজেলার রামনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
ওই স্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ছয় মাস আগে নুরুল আলম ওই কল্যাণ কেন্দ্রের দ্বিতীয় তলার সবগুলো কক্ষ দলীয় প্রভাব খাটিয়ে দখল করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। একই সঙ্গে নিচতলার দুটি কক্ষ ছাড়া বাকি সব কক্ষও তিনি ব্যবহার করছেন। তিনি ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় কেউ এর প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি ওই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাও কোনো বাধা দিতে পারেননি।
স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নিচতলায় কার্যালয় ও রোগীদের সেবা দেওয়ার জন্য দুটি কক্ষ ব্যবহার করা হয়। বাকি একটি কক্ষ যুবলীগের নেতা ব্যবহার করেন। এ ছাড়া দ্বিতীয় তলার তিনটি কক্ষ কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শকদের থাকার জন্য নির্মিত হলেও সেখানে পুরো অংশ নুরুল আলম পরিবার নিয়ে বসবাস করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নির্মাণের পর থেকে নুরুল আলমের পরিবার ও আত্মীয়স্বজন পর্যায়ক্রমে এটি দখল করছে। এর আগে এক কর্মকর্তা এ দখলে বাধা দিলে তাঁকে তারা নানাভাবে হয়রানি করে। অবশেষে তিনি বদলি হতে বাধ্য হন। বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া ওই কেন্দ্রের সামনের জমি দখল করে ঘর তুলে সেখানে ওই যুবলীগের নেতা ওষুধের দোকান করছেন।
তবে ওই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা জি এম সেলিম বলেন, নুরুল আলম কেন্দ্রটি আবাসিক ভবন বানিয়ে রাখলেও তাঁদের তেমন ক্ষতি হচ্ছে না। বরং তাঁদের উপস্থিতির কারণে ক্লিনিকের মালামাল নিরাপদ থাকে বলে তিনি দাবি করেন। তবে শুনেছি এর আগে এক কর্মকর্তা ওই দখলের প্রতিবাদ করায় তিনি অন্যত্র বদলি হতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে নুরুল আলম গত শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভবনটি পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। তাই তিনি পরিষ্কার করে চার-পাঁচ দিন আগে সেখানে উঠেছেন। স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তাদের অনুমতি নিয়েই তিনি এটা করেছেন। এখানে থাকার এখতিয়ার আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা যেহেতু সরকারি ভবন তাই থাকা উচিত না। কিন্তু এটা যেহেতু পরিত্যক্ত পড়ে আছে, তাই আমি উঠেছি। আমি এখানে বসবাস করায় এই স্বাস্থ্যকেন্দ্রটি ঠিকঠাকভাবে চলছে।’
বামনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, যুবলীগের নেতার পরিবার কল্যাণ কেন্দ্র দখল করে নিজ বাসভবন হিসেবে ব্যবহার করার বিষয়টি তাঁর জানা নেই। সরেজমিনে গিয়ে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।