স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে যুবদল নেতার গুদাম

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গা দখল করে গুদামঘর নির্মাণ করেছেন যুবদলের এক নেতা।
দখলকারীর নাম শাজাহান মণ্ডল। তিনি সাওরাইল ইউনিয়ন যুবদলের সভাপতি। গুদামঘর নির্মাণে স্থানীয় আওয়ামী লীগের নেতারা সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘প্রায় এক বছর আগে শাজাহান নামের স্থানীয় এক ব্যক্তি কেন্দ্রের জমিতে গুদামঘর তৈরির কাজ শুরু করেন। আমরা বাধা দেওয়ার পরও কাজ চালিয়ে যাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপজোখ করা হয়। এ সময় জমি দখলের বিষয়টি প্রমাণিত হয়। এরপর শাজাহান রাস্তার অপর পাশে গুদামঘর তৈরি করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু গত ঈদ ও পূজার বন্ধের মধ্যে তিনি আবারও কাজ শুরু করেন।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী জেলার সীমান্তবর্তী সাওরাইল ইউনিয়নের গড়াই নদীর পাশে বি-কয়া বাজার ঘেঁষে লাল রঙের দ্বিতল ভবন। ভবনে ঢুকতে হাতের বাঁ দিকে রাস্তার পাশে একটি পাকা ঘর তোলা হয়েছে। কাজ শেষ না হওয়ায় কিছু ইট রেখে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ২০-২২ জন নারী ও শিশু চিকিৎসার জন্য অপেক্ষা করছে।
জমি দখলের বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করার কিছু সময় পর শাজাহান আসেন। তিনি মাটিতে নকশা এঁকে তাঁর জমি দেখিয়ে নিজের জমিতেই গুদামঘর তুলছেন বলে দাবি করেন। কিছু সময় পর জমি বিক্রেতা তরিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি (তরিত) এই জমি বিক্রি করেননি বললে শাজাহান তাঁকে ধমক দেন।
শাজাহান মণ্ডল বলেন, ‘আমি কেনা জমিতে গুদামঘর তৈরি করেছি। আমার ব্যবসার পরিধি বাড়তে থাকায় এলাকার কিছু মানুষের সহ্য হচ্ছে না। ঈর্ষান্বিত হয়ে আমার নামে দখলের অপপ্রচার চালানো হচ্ছে।’ কাজ বন্ধ রাখার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
সাওরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী প্রথম আলোকে জানান, সরকারি জমি দখল করে গুদামঘর তৈরির বিষয়টি জানার পর ইউএনওসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যকেন্দ্রের জমি ছেড়ে দিয়ে রাস্তার অপর পাশে গুদামঘর নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি শাজাহান মেনে কাজ বন্ধ রেখেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি আবার আগের জায়গাতেই কাজ শুরু করেছেন বলে শুনেছি।
সিভিল সার্জন মাহবুবুল হক বলেন, ‘সরকারি জমিতে কারও ব্যক্তিগত স্থাপনা তৈরির সুযোগ নেই। স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’