স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাছে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিম ও সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। বেলা দুইটার দিকে মোহাম্মদ নাসিম অন্য অতিথিদের নিয়ে আসন গ্রহণ করেন। বেলা সোয়া দুইটার দিকে অতিথিদের ফুল দেওয়া হচ্ছিল। এ সময় একে একে চারটি ককটেল বিস্ফোরিত হয়। তখন সবাই আতঙ্কিত হয়ে ছুটতে থাকলে মাইকে সবাইকে শান্ত থাকতে বলা হয়।

হাজি সেলিমের সঙ্গে অনুষ্ঠানে আসা এবং নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে সাইফুল ইসলাম বলেন, ‘এক এক করে ককটেলগুলো বিস্ফেরিত হওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। তখন স্টেজ (মঞ্চ) থেকে বেরিয়ে দেখি প্যান্ডেলের পেছনের দেয়ালে ককটেল বিস্ফোরিত হয়েছে।’

তবে ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান সাংবাদিকদের কাছে দাবি করেন, কলেজ এলাকার বাইরে থেকে শব্দ এসেছে। কলেজ এলাকার মধ্যে কিছু বিস্ফোরিত হয়নি। এরপর সাংবাদিকেরা মঞ্চের পেছনের দেয়ালে ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখালে ওসি হাসান তখন এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশের লালবাগ জোনের ডিসি আহমেদ মফিজ ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। কলেজ এলাকার আশপাশের ছাদগুলোতে পুলিশের তল্লাশি চালাতে দেখা গেছে।

সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, ‘ভেবেছিলাম হাজি সেলিম পটকা মেরে আমাদের স্বাগত জানিয়েছেন। কিন্তু পরে দেখি তা নয়। পটকা মেরেছে খালেদা জিয়ার ভাড়াটে গুন্ডারা।’ তিনি বলেন, ‘পেছন থেকে পটকা মেরে আমাদেরকে ভয় দেখানো যাবে না। আমরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার লোক নই। সাহস থাকলে আপনারা সামনে আসেন।’ তিনি বিএনপিকে ‘কাপুরুষের দল’ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কারণ তারা ধ্বংসাত্মক কর্মসূচি দেয়, কিন্তু তার কর্মীরা মাঠে থাকে না।’ নাসিম বলেন, ‘আপনারা একটি বোমা মারবেন, আর আমরা প্রতিটি মেডিকেল কলেজে আইসিউ, সিসিইউ তৈরি করব। আপনারা ধ্বংসযজ্ঞ চালাবেন, আর আমরা দেশের তরুণদের শিক্ষিত করে গড়ে তুলব। এতে আমাদের দেশ উন্নত হবে।’