স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে নার্স-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাড়ির সামনে আজ বুধবার রাতে আন্দোলনরত বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২০ নার্স ও ১০ পুলিশ কর্মকর্তাকে রাজধানীর ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে হাজারো বেকার নার্স ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবি পূরণের ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে যান ঘেরাও করতে। এ সময় ধানমন্ডির ১১ নম্বর সড়ক অবরোধ করে রাখলে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা তারা বিক্ষোভ করতে থাকলে রাত আটটার দিকে পুলিশ তাদের তুলতে যায়। এ নিয়ে পুলিশ ও আন্দোলনকারী নার্সদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার পর পুলিশ তাদের লাঠিপেটা করে ও জলকামান দিয়ে গরম পানি ছোড়ে। এতে ৪০ জন নার্স আহত হন। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শাহ মিজান শাফিউর রহমান ও ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত পুলিশের ১০ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই নার্সকে আটক করেছে।

সংঘর্ষে আহত ধানমন্ডি থানার (ওসি) নুরে আযম মিয়া আজ রাতে প্রথম আলোকে বলেন, আন্দোলনকারী নার্সদের রাস্তা থেকে সরে গিয়ে অন্যত্র অবস্থা নিতে বলা হলে তারা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান দিয়ে গরম পানি ছিটিয়েছে। এ সময় দুই তিন হাজারের মতো নার্স হুড়োহুড়ি করে। এতে কিছু আন্দোলনকারী আহত হন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে।
আন্দোলনকারী নার্সরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে আরও শতাধিক নার্স হাসপাতালে ভিড় জমান। এ সময় পুলিশ তাদের সরে যেতে পদক্ষেপ নিলে জরুর বিভাগে পুলিশ ও নার্সদের মধ্যে রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের বের করে হাসপাতালের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় অনেক রোগী জরুরি বিভাগে ঢুকতে না পেরে বাইরে অবস্থান নেয়। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এলে রাত সাড়ে ১০টার পর পুলিশ শুধু রোগী ও তার স্বজনদের ঢুকতে অনুমতি দেয়। রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় হাসপাতালের জরুরি বিভাগে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
আন্দোলনকারী নাহিদা আক্তার বলেন, ২০১১ সালে নার্সের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার পর ২০১৩ সালে ৪ হাজার ১০০ জন নার্সকে ব্যাচভিত্তিক নিয়োগ দেয় সরকার। কিন্তু এখন সরকার পিএসসির মাধ্যমে এই নিয়োগ দিতে চাচ্ছে। আমরা শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু মন্ত্রী বারবার আশ্বাস দিয়েও দেখা করতে দিচ্ছেন না।
আহত বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, পুলিশের হামলায় সালমা আক্তার নামে এক নার্সের গর্ভপাতের ঘটনা ঘটেছে। তাকে তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশপাশের অনেক হাসপাতালে আহত নার্সরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এমনকি আমি নিজেও ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছি। তিনি বলেন, দাবি পূরণে স্বাস্থ্যমন্ত্রী একাধিকবার আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও তিনি রক্ষা করেননি। তাই আন্দোলনকারীরা স্বাস্থ্যমন্ত্রীর বাসা ঘেরাও করতে যান। কিন্তু পুলিশ আমাদের লাঠিপেটা করে।
আন্দোলনকারীরা বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক অতিক্রম করার সময় আন্দোলনরত নার্সদের বাধা দেয় পুলিশ। এ সময় লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করা হয়। সেখানে পাঁচজন নার্স আহত হন। পুলিশের বাধা উপেক্ষা করেই তারা মন্ত্রীর বাসার সামনে অবস্থান নেন। বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলসহ তারা স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা করেন।
আন্দোলনকারীরা জানান, পিএসসির মাধ্যমে নিয়োগ বন্ধ করে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন গত ২৮ এপ্রিল থেকে আন্দোলন করছেন তারা। এর মধ্যে একাধিকবার তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। এদিকে শুক্রবার বিপিএসসির মাধ্যমে নার্স নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগেই এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে চান তারা। এ ছাড়া রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক দুদিনের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেননি।