স্বাস্থ্যমন্ত্রীর সামনে দলের দুই পক্ষে মারামারি
সিরাজগঞ্জের কাজীপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তাঁর উপস্থিতিতেই হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়লেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শান্ত থাকার আহ্বান জানানোর পরও কেউ কান না দেওয়ায় অগত্যা অনুষ্ঠানস্থল ছেড়ে যান মন্ত্রী।
কাজীপুর উপজেলা পরিষদের মাঠে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এ ঘটনা। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বর্তমান কমিটির নেতাদের দ্বন্দ্বের বহিঃপ্রকাশেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করে। সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাতে গাড়ির কাছে এগিয়ে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ বেশ কিছু নেতা-কর্মী। এ সময় স্বপন তালুকদার নামে এক কর্মী গাড়ির দরজার সামনে দাঁড়ালে খলিলুরের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। একপর্যায়ে স্বপনকে চড়থাপ্পড়, কিলঘুষি মারেন তিনি। এর পর নেতা-কর্মীরা দুপক্ষে ভাগ হয়ে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। তখন নাসিম গাড়ি থেকে নেমে মঞ্চে গিয়ে মাইকে নেতা-কর্মীদের শান্ত হতে বারবার আহ্বান জানান। কিন্তু নেতা-কর্মীরা হট্টগোল চালিয়ে গেলে তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে আলী আশরাফ বলেন, ‘স্বপন আমার স্নেহভাজন। কী কারণে তাঁকে কিল-ঘুষি মারা হয়েছে বিষয়টি আমার বোধগম্য নয়। এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’
জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘নাসিম ভাইয়ের গাড়ির বহরের সামনে মোটরসাইকেলের বহর ছিল। এই বহরের ছেলেদের অনুষ্ঠানে বসানো নিয়ে কিছুটা হট্টগোল হয়েছে। নেতা বিষয়টি ভালো চোখে নিতে পারেননি বিধায় অনুষ্ঠান না দেখেই চলে গেছেন।’