রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সালাহউদ্দিন কামরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী আসামির জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। তাতে বলা হয়, আসামি স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছুক।
কামরানকে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার অদূরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে আটক করা হয়। পরদিন এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সেদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কামরানের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি নব্য জেএমবির সদস্য। তিনি নারায়ণগঞ্জে নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। সালাহউদ্দিন কামরান কল্যাণপুরের তাজ মঞ্জিলে পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমেরও ঘনিষ্ঠ ছিলেন।
কাউন্টার টেররিজম বিভাগের কর্মকর্তারা বলছেন, আবু হাকিম নাঈমের হাত ধরেই নব্য জেএমবিতে ঢোকেন সালাহউদ্দিন। তিনি গত মে মাসে টাঙ্গাইল থেকে ঢাকায় চলে আসেন। নব্য জেএমবির কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করতে তিনি বিভিন্ন পর্যায়ে প্রচার কার্যক্রম চালাতেন।
কল্যাণপুরে অভিযানে আহত রাকিবুল হাসান ওরফে রিগ্যানের কাছে তিনি মিরপুরের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তানায় প্রশিক্ষণ নিয়েছিলেন। দেশীয় উগ্রপন্থী ইসলামি সংগঠনের সহায়তায়ও দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তিনি।