স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল গ্রেপ্তার কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কমপ্রেসর যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর ইয়ামিন হত্যার ঘটনায় গ্রেপ্তার তার সহকর্মী এক কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল ইসলাম মোহাসিনের আদালতে গতকাল বৃহস্পতিবার ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকার বিআর স্পিনিং মিলে গত বুধবার রাতে কাজ শেষে ফিনিশিং শাখার শ্রমিক ইয়ামিন মিয়া (১৩) তার ওই সহকর্মীকে কমপ্রেসর দিয়ে শরীর থেকে তুলা পরিষ্কার করে দিতে বলে। পরিষ্কার করার একপর্যায়ে ইয়ামিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় সে। এতে ইয়ামিন অসুস্থ হয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাতে ঘটনার পরপরই কারখানার লোকজন অভিযুক্ত ওই কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠানো হয়। নিহত ইয়ামিন আড়াইহাজার উপজেলার বগাদি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং গ্রেপ্তার হওয়া কিশোরের বাড়ি সোনারগাঁ উপজেলার মাহমুদপুর গ্রামে।
ইয়ামিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরে আড়াইহাজার উপজেলার বগাদি গ্রামে তাকে দাফন করা হয়।