রাজধানীর মিরপুরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্য মোহসীন আলী ওরফে রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার মহানগর হাকিম খুরশীদ আলম এ আসামির জবানবন্দি গ্রহণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মুমিন খান শাহ আলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
গত ২৪ ডিসেম্বর টানা ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে মিরপুরের একটি বাড়ি থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু তাঁদের ফাঁকি দিয়ে দলটির প্রধানসহ দুজন কৌশলে পালিয়ে যায়। মিরপুরের ছয়তলা ওই বাড়ি থেকে হাতে তৈরি ১৬টি গ্রেনেড ও দুটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শাহ আলী থানায় একটি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, ইলিয়াস ওরফে ওমর ফারুক ও মোহসীন আলী ওরফে রুবেলকে পরের দিন ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিবির কর্মকর্তারা।
ডিবি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন, মিরপুরের এই বাড়িটি ছিল জেএমবির কমান্ডিং সেন্টার। এই কমান্ডিং সেন্টার থেকে দেশের বিভিন্ন স্থানে হামলার নির্দেশনা দেওয়া হতো। এই নির্দেশনা অনুযায়ী দেশের উত্তরাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি স্থানে বোমা হামলা চালানো হয়। জেএমবির একই ধরনের কমান্ডিং সেন্টার চট্টগ্রাম জেলায়ও রয়েছে বলে জানা গেছে।
তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদের পর ঢাকায় ডিবির কর্মকর্তারা বলেন, ওই বাড়িতে এখন পর্যন্ত ৮ থেকে ১০ জনকে বোমা ও গ্রেনেড বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মিরপুরের বাড়ি থেকে গ্রেনেড, বোমা ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ গ্রেনেড তৈরির বেশ কিছু নির্দেশিকা (ম্যানুয়াল) পাওয়া গেছে। এই নির্দেশিকা অনুযায়ী পাইপ কেটে ঘরে বসে জঙ্গিরা তৈরি করছিল হাতে তৈরি গ্রেনেড।
অভিযানের সময় কৌশলে পালিয়ে গেছে দুই জঙ্গি
http://www.prothom-alo.com/bangladesh/article/723276