স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন রিয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় শিশু তানজিলা খাতুনকে (৭) ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেপ্তার রিয়াদ প্রধান (১৮) গতকাল শনিবার পীরগঞ্জ আমলি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
রেজাউল করিম বলেন, আদালতে রিয়াদ জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রিয়াদ বলেছেন, তানজিলাকে প্রথমে ধর্ষণ করা হয়। এরপর শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে মাটি খুঁড়ে লাশ পুঁতে রাখা হয়।
পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে গত শুক্রবার দুপুরে প্রতিবেশী আবদুল মমিনের বাড়ির ঘরের মেঝে খুঁড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর শিশু তানজিলার লাশ উদ্ধার করা হয়। তানজিলা স্থানীয় দুরামিথিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় গতকাল ভোরে তানজিলার বাবা শাহাজান আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় রিয়াদ ও তাঁদের বাসার গৃহকর্মী ধলি বেগমকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজির হোসেন মুঠোফোনে গতকাল বিকেলে জানান, আসামি ধলি বেগম পলাতক রয়েছেন।