স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তিন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামের স্কুলছাত্রী সুলতানা বেগমকে (১০) ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামি আবুল হোসেন (২৫), সাদেক উদ্দিন (২০) ও রাসেল মিয়া (২২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার রাতে তাঁরা জবানবন্দি দেন।

আসামিদের জবানবন্দি রেকর্ডের পর ঘটনার সাক্ষী হিসেবে সুলতানার এক সহপাঠী ও এক আসামির ছোট বোনের জবানবন্দি রেকর্ড করেন আদালত। এসব জবানবন্দি রেকর্ড করেন কানাইঘাট আদালতের বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) ফারজানা শাকিলা চৌধুরী।

কানাইঘাট থানার ওসি হুমায়ূন কবির জানান, আসামিরা পুলিশের কাছে যেভাবে ঘটনার বর্ণনা দিয়েছিলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে সেগুলোর বর্ণনা করেছেন। একইভাবে সুলতানার এক সহপাঠী পুলিশকে যে তথ্য দিয়েছিল, তাকে মামলার সাক্ষী রাখায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

পুলিশ জানায়, কানাইঘাটের ছোটফৌজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুলতানা গত রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। তার বাবা তেরাব আলী বুধবার কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ বৃহস্পতিবার এরালিগুল পার্শ্ববর্তী গ্রাম বড়খেওড় গ্রামের আবুল, সাদেক ও রাসেল নামের তিন যুবককে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনজনই সুলতানাকে পানি খাওয়ানোর কথা বলে তাঁদের বাড়ির পাশের একটি পাহাড়ের চূড়ায় ধর্ষণ করেন। পরে সুলতানাকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দিয়ে রাখেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার বিকেলে সুলতানার লাশ পাহাড়ের চূড়ায় মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনের সহযোগী আরেকজনকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।