স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুনের প্রতিবাদে ফেনীতে হরতাল
স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেনের (মোস্তফা মনির) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে আজ বৃহস্পতিবার সকাল থেকে আধবেলা হরতাল চলছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকে ওই হরতাল চলছে।
হরতালে ফেনীতে বাসসহ অন্য কোনো গাড়ি চলছে না। তবে রিকশা চলাচল করছে। জেলার দোকানপাট বন্ধ রয়েছে। সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কসহ বিভিন্ন সড়কে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল-পিকেটিং করেছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, হত্যাকাণ্ড বা হামলার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি।
গত মঙ্গলবার দিবাগত রাতে মনির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু ক্ষুব্ধ নেতা-কর্মী আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। হামলা চালানো হয় একটি তথ্যসেবাকেন্দ্রেও।
নিহত মনির (৩২) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মধুয়্যাই গ্রামের অলি আহম্মদের ছেলে। জেলা বিএনপি এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছে।