জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন কমিটির সভাপতি মিজানুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে ডিবির একটি দল মহাস্থানগড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনার পর মিজানুরের সমর্থকেরা বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আলী বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে নাশকতা-ভাঙচুর ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার ১৫টি মামলা রয়েছে।
এদিকে শহরের উপকণ্ঠ এরুলিয়া এলাকায় গোপন বৈঠক করার সময় ডিবি ও সদর থানা-পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বগুড়া জেলা মহিলা জামায়াতের পাঁচ নারী নেতা-কর্মীকে আটক করেছে।
এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।