স্বেচ্ছাসেবক দলের নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমানের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মিরকাদিম বাজারের ভাড়াবাসার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মিজানুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

 মিজানুরের (৩০) বাবা সামাদ ব্যাপারী প্রথম আলোকে বলেন, মিরকাদিমের সুধারচরে তাঁদের সুতার কারখানা রয়েছে। মিজানুর প্রতিদিন ওই কারখানায় বসতেন। গত বুধবার সকালে ছেলের সঙ্গে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে শেষ দেখা হয়। এরপর মিজানুর আর ব্যবসাপ্রতিষ্ঠানে যাননি। গতকাল সকালে মিজানুরের খোঁজে তিনি ভাড়াবাসায় যান। পরে তালা ভেঙে খাটের ওপর গলায় গামছা প্যাঁচানো মিজানুরের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মিজানুর রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

সদর থানার এসআই মফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই-তিন দিন আগে শ্বাসরোধে মিজানুরকে হত্যা করে।