স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মামলা-আটক নেই
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যশোর শহর কমিটির সভাপতি আবদুল মান্নান (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় আজ রোববার সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মান্নানকে গুলি করে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। যশোর শহরের বেজপাড়া পিয়ারি মোহন সড়কের রানার পত্রিকা কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটক করাও যায়নি।
হত্যাকাণ্ড সম্পর্কে ওসি শহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগে স্থানীয় এক সন্ত্রাসীকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন মান্নান। ওই ঘটনার জেরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মান্নানের স্বজন ইমরান হায়দার বলেন, তাঁর খালু এলাকায় বিভিন্ন বিচার-সালিস করতেন। এ কারণে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় কেউ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
আজ সকাল ১০টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে মান্নানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুপুর ১২টার দিকে তাঁর লাশ নিয়ে বিক্ষোভ-মিছিল করবে জেলা আওয়ামী লীগ। আজ বাদ আসর বেজপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, আসরের নামাজ শেষে মান্নান পিয়ারি মোহন সড়কে নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে গিয়ে বসেন। এর মধ্যে একটি মোটরসাইকেলে করে দু-তিন যুবক আকস্মিকভাবে সেখানে গিয়ে প্রথমে মান্নানের বুকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে গলার শ্বাসনালি কেটে বেরিয়ে যায়। স্থানীয় লোকজন দেখে তাদের ধাওয়া দেন। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
মান্নান বেজপাড়া এলাকার মাহফুজ সড়কের বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়ায়। তাঁর তিন ছেলেমেয়ে রয়েছে।