স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অপহরণের অভিযোগ
রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে গত বুধবার রাতে কে এম আরমান নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।
স্বেচ্ছাসেবক লীগের নেতার ছোট ভাই কে এম রুবেল প্রথম আলোকে বলেন, বুধবার রাতে কয়েকজন লোক দৈনিক বাংলা মোড় এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে তাঁর ভাইকে (আরমান) উঠিয়ে নিয়ে গেছে বলে সেখানকার কয়েকজন লোক তাঁদের জানিয়েছেন। এর আগে রাত আটটা পর্যন্ত আরমান মতিঝিলের আরএস ভবনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। একটি টেলিফোন পেয়ে তিনি তাঁর প্রতিষ্ঠান থেকে বেরিয়ে দৈনিক বাংলা মোড়ে যান। ভাইকে উদ্ধারের জন্য তাঁর ভাবি নিগার সুলতানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন।
রুবেল আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আরামবাগ এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ কে এম মোমিনুল হক সাঈদের পক্ষে কাজ করেছিলেন আরমান। এতে ক্ষিপ্ত ছিল প্রতিপক্ষ।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফরিদউদ্দিন প্রথম আলোকে বলেন, স্বামীকে পাওয়া যাচ্ছে না জানিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরমানের স্ত্রী নিগার সুলতানা। আরমানকে খুঁজে বের করতে পুলিশ তৎপর আছে।