স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত
বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন খানকে লাঞ্ছিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম। সাইফুলকে না জানিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করায় তিনি গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটান।
সাইফুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে জয়নাল আবেদিন খান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নারহট্ট বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল।
দুপুরে নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য জয়নাল আবেদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন ও শিক্ষক প্রতিনিধি হাফিজার রহমানকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে উপজেলা পরিষদ থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন। তাঁরা দরগাহাট এলাকায় পৌঁছালে সাইফুল ইসলাম তাঁর লোকজন নিয়ে মাইক্রোবাসটির গতিরোধ করেন। তাঁরা মাইক্রোবাস থেকে প্রধান শিক্ষককে রাস্তায় নামিয়ে লাঞ্ছিত করে নিয়োগ পরীক্ষার কাগজপত্র কেড়ে নেন।
এ সময় স্থানীয় লোকজন জয়নাল আবেদিনকে তাঁদের হাত থেকে উদ্ধার করেন। পরে নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়ে জয়নাল আবেদিন ওই দিন রাতে থানায় একটি অভিযোগ দেন।
তবে সাইফুল ইসলাম মুঠোফোনে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার কথা অস্বীকার করে বলেন, ‘আমি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আজীবন দাতা সদস্য। আমাকে না জানিয়ে প্রধান শিক্ষক কয়েকজন সদস্য নিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করেছেন। তাই পরীক্ষা বন্ধ করার জন্য তাঁকে বলেছি।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুহুল আমিন তালুকদার জানান, ‘কমিটির সভা করে বিধিমোতাবেক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার কথা শুনেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন জানান, প্রধান শিক্ষক জয়নাল আবেদিনকে লাঞ্ছিত করায় ওই বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জয়নাল আবেদিনের লিখিত আবেদন পাওয়ার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার প্রক্রিয়া চলছে। তাই বাদী আইনানুগ ব্যবস্থা নিতে মৌখিকভাবে সময় চেয়েছেন।