স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে গুলির পর জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের বেজপাড়া এলাকায় গতকাল বিকেলে সন্ত্রাসীদের গুলিতে শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী দীপ্তি বেগম কান্নায় ভেঙে পড়েন। তাঁর কাঁধে হাত রেখে নির্বাক তাকিয়ে থাকে মেয়েশিশু দুহিতা l ছবি: প্রথম আলো
যশোর শহরের বেজপাড়া এলাকায় গতকাল বিকেলে সন্ত্রাসীদের গুলিতে শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী দীপ্তি বেগম কান্নায় ভেঙে পড়েন। তাঁর কাঁধে হাত রেখে নির্বাক তাকিয়ে থাকে মেয়েশিশু দুহিতা l ছবি: প্রথম আলো

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যশোর শহর কমিটির সভাপতি আবদুল মান্নানকে (৫০) গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। যশোর শহরের বেজপাড়া পিয়ারিমোহন সড়কে রানার পত্রিকার কার্যালয়ের সামনে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া দিলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। আবদুল মান্নান বেজপাড়া এলাকার মাহফুজ সড়কের বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়ায়। তাঁর তিন ছেলেমেয়ে রয়েছে।
এদিকে মান্নানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরে প্রতিবাদ মিছিল বের করেন। শহর ঘুরে মিছিলটি দড়াটানায় গিয়ে শেষ হয়।
শহরের বেজপাড়া এলাকার পিয়ারিমোহন, টিবি ক্লিনিক ও মাহফুজ সড়কের মাদক ব্যবসা, সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ‘শান্তি-শৃঙ্খলা কমিটি’ নামে একটি কার্যকরী কমিটি রয়েছে। ওই কমিটির সভাপতিও ছিলেন আবদুল মান্নান। বছর চার আগে এই কমিটি গঠিত হয়।
কমিটির সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, ‘আবদুল মান্নানের সক্রিয় ভূমিকার কারণে চার-পাঁচ বছর ধরে এলাকায় মাদক ও সন্ত্রাস মাথাচাড়া দিতে পারেনি। তাঁর এই ভূমিকার কারণে বিভিন্ন সময়ে যাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমরা মনে করি।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, আসরের নামাজ শেষে মান্নান পিয়ারিমোহন সড়কে নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে গিয়ে বসেন। এর মধ্যে একটি মোটরসাইকেলে করে দু-তিন যুবক আকস্মিকভাবে সেখানে গিয়ে প্রথমে মান্নানের বুকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে গলার শ্বাসনালি কেটে বেরিয়ে যায়। স্থানীয় লোকজন দেখে তাদের ধাওয়া দেন। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান বলেন, ‘গুলির মতো শব্দ শুনে মান্নান ভাইয়ের অফিসের দিকে এগিয়ে যাই। এ সময় দেখি, তিনজন বেরিয়ে যাচ্ছে। তাদের মধ্যে গেঞ্জি পরা এক যুবকের কোমরে পিস্তল দেখে চিৎকার দিয়ে তাদের ধাওয়া করি। সঙ্গে কয়েকজন যোগ দেন। এ সময় তারা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বোমার ধোঁয়ার মধ্যে তাদের আমরা হারিয়ে ফেলি। এরপর তিনটি মোটরসাইকেল নিয়ে পাড়ার অলিগলিতে তাদের খোঁজা হয়। কিন্তু পাওয়া যায়নি।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আমরাও শুনেছি, এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আবদুল মান্নানের একটি ভূমিকা ছিল। সে কারণে হয়তো সন্ত্রাসীদের নিশানায় পড়েন তিনি।’
নিহত মান্নানের আত্মীয় ইমরান হায়দার বলেন, তাঁর খালু বিচার-সালিসের সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তাঁকে হত্যা করা হতে পারে।