স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বিধবাকে উত্ত্যক্ত করার অভিযোগে আবদুল মান্নান ওরফে মোন্নাফ (২৭) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গত বৃহস্পতিবার ধোলাই দিয়েছেন স্থানীয় লোকজন। মান্নানের বিরুদ্ধে ওই নারী গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে আবদুল মান্নানের বাবাও গ্রামের মাতবরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ওই নারীর স্বামী প্রায় ২০ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর একমাত্র ছেলেকে নিয়ে তিনি অভাব-অনটনের মধ্যে সংসার চালান। শ্যামগাতী গ্রামের বাসিন্দা মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুল মান্নান ওই নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন। তিনি বিষয়টি নিজের ছেলেকে জানান। তাঁর ছেলে এর প্রতিবাদ করেন। এতে মান্নান ওই নারী ও তাঁর ছেলের ওপর ক্ষুব্ধ হন। এরপর সুযোগ পেলেই মান্নান বিধবার বাড়িতে ঢিল ছুড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেন। এ ছাড়া গত সোমবার সকালে ওই নেতা ওই নারীর বাড়িতে গিয়ে তাঁর ছেলেকে মারধর করেন। এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই নারী শ্যামগাতী গ্রামের মাতবরদের কাছে প্রতিকার চান। গত বৃহস্পতিবার সকালে গ্রামের প্রধান মাতবর শফিকুল ইসলামসহ কয়েকজন বিষয়টি জানার জন্য মান্নানের সঙ্গে কথা বলতে যান। এ সময় মান্নান উত্তেজিত হয়ে মাতবরদের গালাগাল ও মারধরের চেষ্টা করেন। তাঁরা ঐক্যবদ্ধ হয়ে ওই নেতাকে ধোলাই দেন।
মান্নান আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় মান্নানের বাবা মোজাম্মেল হক বাদী হয়ে শফিকুলসহ আটজনের বিরুদ্ধে গত শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন।
ওই নারী বলেন, ‘মান্নান আমার দারিদ্র্যের সুযোগ নিয়ে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন। বিষয়টি আমার ছেলেকে জানালে সে প্রতিবাদ করে। এতে মান্নান ক্ষিপ্ত হয়ে ছেলেকে মারধর করেন।’
এ ব্যাপারে মান্নান বলেন, ‘বিধবাকে উত্ত্যক্ত করার কোনো ঘটনা ঘটেনি। গ্রামের কিছু ঘটনা নিয়ে বিধবার ছেলে আমার বাবাকে মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদ করায় শফিকুল ও তাঁর লোকজন আমাকে মারধর করেছেন।’
শফিকুল জানান, ওই বিধবাকে উত্ত্যক্ত করার বিষয়টি গ্রামবাসী জানতে গেলে মান্নান তাঁদের গালাগালসহ মারধর করার চেষ্টা করেন। এতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মান্নানকে মারধর করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ‘দুই পক্ষের দুটি অভিযোগ পেয়েছি।