স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাঙচুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় গত শুক্রবার রাত ১০টার দিকে ভাঙচুর করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের নেতৃত্বে এ ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে হায়দরগঞ্জ বাজার এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সঙ্গে চর আবাবিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনারুল কবিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ছাত্রলীগের নেতা আনারুল কবির পাপেল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে হায়দরগঞ্জ বাজারে মিছিল করেন। পরে আনারুল কবির বাজারের স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে যান। এ সময় পাপেল মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে ভাঙচুর করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভির হায়দার চৌধুরী বলেন, পাপেলের নেতৃত্বে দলীয় কার্যালয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করার ঘটনাটি খুবই দুঃখজনক।
পাপেল মাহমুদ বলেন, ‘কার্যালয়ে আমি বা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ভাঙচুর করেননি।’