স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
মৌলভীবাজারের রাজনগরে স্বেচ্ছাসেবক লীগ সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাজনগর বাজারে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে পাবেল আহমদ (২০) ও রামচন্দ্র দেব (২২) রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় লোকজন, আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাজনগর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় সব নেতা-কর্মীকে আমন্ত্রণ করা হয়নি। এই নিয়ে দুপুর থেকে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেল সোয়া পাঁচটার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা দুটি পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেন। এ সময় হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ শটগানের ২১টি ফাঁকা গুলি করে। সংঘর্ষে ১০ জন আহত হন।