স্বেচ্ছাসেবক লীগের নেতা খুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল উদ্দিনকে (২৪) গত বৃহস্পতিবার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করছেন আওয়ামী লীগের নেতারা। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
নিহতের কামালের বড় বোন নিলু আক্তার জানান, রাতে বিদ্যুৎ না থাকায় নাসির মোহাম্মদপাড়ার বাড়ি থেকে সামান্য দূরে চায়ের দোকানে যায় কামাল। সেখানে কিছুক্ষণ বসার পর রাত ১১টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় মুখোশধারী চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা কামালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও তাঁর গলা কেটে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কামাল মারা যান।
কামালের মামা আবদুর রফিক বলেন, তাঁর জানামতে আশপাশের কারও সঙ্গে কামালের বিরোধ নেই।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, জায়গা-জমির বিরোধ নিয়ে, নাকি রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।