স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও আইনজীবী ফিরোজ আলমের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর শহরে স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গৃহকর্মী ও তার বাবা এই নির্যাতনের অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ফিরোজ আলমের বাসার গৃহকর্মী নাজমা আক্তারের (১০) বাবা রিকশাচালক জাফর আহম্মেদ বলেন, মাসে এক হাজার টাকা বেতন দেওয়ার কথা বলে ১৪ মাস আগে ফিরোজ আলম নাজমাকে তাঁর বাসায় কাজে নিয়োগ করেন। কিন্তু কয়েক দফায় বেতন বাবদ তাকে মাত্র আড়াই হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া কারণে-অকারণে নাজমাকে মারধর করা হতো। পরে বাধ্য হয়ে তিনি তাঁর মেয়েকে ফিরোজের বাসা থেকে বাড়ি নিয়ে যান। বিষয়টি লক্ষ্মীপুর শহরের চকবাজারের ব্যবসায়ী আব্দুজ জাহেরকে জানান। পরে ফিরোজ ও তাঁর লোকজন ৩ এপ্রিল জাহেরকে মারধর করে। এ ঘটনায় আব্দুজ জাহের সদর থানায় জিডি করেন।
সংবাদ সম্মেলনে গৃহকর্মী নাজমা অভিযোগ করে, ফিরোজ আলম কারণে-অকারণে তাকে মারধর করতেন।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ফিরোজ আলম মেয়েটির সব পাওনা পরিশোধ করা হয়েছে দাবি করে বলেন, আব্দুজ জাহেরকে মারধর করার অভিযোগ সত্য নয়।