স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনসহ চার কর্মকর্তা-কর্মচারীকে পেটানোর ঘটনায় পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলামসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন শালখুরিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং ছাত্রলীগের উপজেলা শাখার প্রচার সম্পাদক রুহুল আমিন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে অবৈধভাবে নিয়োগ পাওয়া ৩৯ জন দপ্তরি-কাম-নৈশপ্রহরীর বিল ছাড়করণ নিয়ে একাধিক মিথ্যাচার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, শিক্ষা কমিটির ১৪ আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিল জমা দিয়েছেন।
তবে শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানান, ১৪ আগস্ট শিক্ষা কমিটির সভা থাকলেও কোরাম পূরণ না হওয়ায় ওই দিন সভা হয়নি। ওই দিন শিক্ষা কর্মকর্তা নিজেও উপস্থিত ছিলেন না।
এদিকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এবং অবৈধভাবে বিল জমা দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাতটি আপত্তি দিয়ে বিলটি ব্যাংকে ফেরত দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলার হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হোসেন জানান, কোনো কার্যালয়ের বিল জমা দিতে হলে বিলের সঙ্গে বাজেট, নিয়োগপত্র, যোগদান প্রতিবেদন, স্বাস্থ্য পরীক্ষার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সোনালী ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ রেজিস্ট্রারের মাধ্যমে সেটি উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা গ্রহণ করবে। কিন্তু ওই বিল ব্যাংকের মাধ্যমে না এসে শিক্ষক সমিতির সাবেক সভাপতি মতিনুর রহমান শিক্ষা কার্যালয়ে জমা দেন। যা সম্পূর্ণ অবৈধ।