স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক
ধারদেনা করে আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছিলেন ফরিদপুর সদরপুরের বাচ্চু খান (৩৫)। গত সোমবার আত্মগোপনে গিয়ে সাজান একটি অপহরণ নাটক। অন্য মুঠোফোন ব্যবহার করে পরিবারকে জানান, দুই লাখ টাকা মুক্তিপণ না দিলে তাঁকে হত্যা করা হবে।
অবশেষে চার দিন পর গত শুক্রবার র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের হস্তক্ষেপে ফাঁস হয়ে যায় সব জাল-জালিয়াতি। র্যাব ফরিদপুর সদরের কানাইপুর এলাকার একটি বাড়ি থেকে বাচ্চু খানকে উদ্ধার করে রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে দেয়।
বাচ্চু খান ভাড়ায় মোটরসাইকেল চালান। তিনি সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের চরদুর্গাপুরের মধু মণ্ডলেরডাঙ্গী এলাকার মো. আজেম খানের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে বাচ্চু দ্বিতীয়। ১৩ বছর আগে বিয়ে করেন পাশের ভাঙ্গা উপজেলার নূরাল্লাগঞ্জ ইউনিয়নের আকনবাড়ি গ্রামের ফাহিমা আক্তারকে। তাঁদের তিনটি সন্তান—এক ছেলে ও দুই মেয়ে। ছেলে ফয়সাল (১০) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বড় মেয়ে সাথির বয়স ৫ আর ৭ মাস বয়সী ছোট মেয়ের নাম ইতি।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মার্চ রাত ১০টার দিকে বাচ্চু খান অপরিচিত একটি মুঠোফোন নম্বর ব্যবহার করে তাঁর স্ত্রীকে বলেন, ‘আমাকে অপহরণকারীরা ধরে নিয়ে গেছে। দুই লাখ টাকা না দিলে আমাকে মেরে ফেলবে। তুমি বাবা ও ভাইদের বলে দুই লাখ টাকা জোগাড় করে পাঠাও।’ পরদিন পরিবারের সদস্যরা বাচ্চু খানকে খুঁজে বের করতে ব্যর্থ হন। এরপর ১৫ মার্চ ফাহিমা আক্তার সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ বলেন, ‘অপহরণ এবং দুই লাখ টাকার মুক্তিপণের অভিযোগ পাওয়ার পর গত ১৫ ও ১৬ মার্চ আমরা অনেক চেষ্টা করেছি। আমাদের অনেক খাটিয়েছে বাচ্চু খান। একবার বলেন তিনি যশোর, আরেকবার বলেন বেনাপোল। পুলিশের গোয়েন্দাসহ আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। পরে বিষয়টি র্যাবকে জানানো হয়।’
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, ‘র্যাবের একটি বিশেষ অভিযানকারী দল গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে বাচ্চু খানকে আটক করে। বাচ্চু খান আমাদের জানান, তিনি আর্থিক অসচ্ছলতা দূর করার জন্যই এ সাজানো অপহরণ নাটকের আয়োজন করেন। এ ব্যাপারে তিনি আমাদের কাছে একটি মুচলেকাও দেন। পরে রাতে বাচ্চু খানকে ভাষাণচর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সমীর ব্যাপারীর জিম্মায় দেওয়া হয়।’