স্মরণসভায় নেত্রীকে ভুলে আ.লীগ নেতাদের কাদা ছোড়াছুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দলীয় বিবদমান দুটি পক্ষ আলাদাভাবে আওয়ামী লীগের সাবেক মহিলা-বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১১তম শাহাদতবার্ষিকীর স্মরণসভা করেছে। সভা দুটিতে আইভি রহমানকে নিয়ে আলোচনার চেয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা বেশি হয়।
দুটি স্মরণসভা সম্পর্কে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান বলেন, ‘আমার মনে হয়েছে স্মরণসভা ছিল অছিলা মাত্র। দলীয় প্রতিপক্ষকে ঘায়েল করা ছিল মূল উদ্দেশ্য। এই কাজটি স্মরণসভায় না করে কর্মিসভা ডেকে করা হলে ভালো হতো।’
কয়েক বছর ধরে ভৈরব উপজেলা আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত হয়ে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। অপর পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা সাধারণ সম্পাদক আবুল মনসুর।
মনসুর পক্ষ আইভি রহমানের শাহাদতবার্ষিকীর দিন ২৪ আগস্ট স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে স্মরণসভা করে। সভায় সভাপতি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক। টানা পাঁচ ঘণ্টার সভায় মোট বক্তা ছিলেন ২৬ জন।
মনসুর পক্ষের তিন দিন পর গত শুক্রবার বিকেলে সায়দুল্লাহ পক্ষের স্মরণসভা হয় স্থানীয় রাজকাচারি মাঠে। সভাটির আয়োজক ছিল উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল। প্রায় সাত ঘণ্টার এই সভায় বক্তা ছিলেন ৩৮ জন।
দুটি সভাতেই দেখা যায় আইভি রহমানকে নামমাত্র স্মরণ করা হয়। অধিকাংশ সময় বক্তারা দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলছিলেন। কেউ কেউ আইভি রহমানের কথা না বলেই সরাসরি চলে গেছেন সমালোচনায়। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ করেন। এ ছাড়া মনসুর পক্ষের সভায় যুবলীগের সভাপতি উমর ফারুক পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেনের নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বলেন, মায়ের স্মরণসভায় একে অপরের বিপক্ষে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ায় স্থানীয় সাংসদ নাজমুল হাসান বিরক্ত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ আজিজুল হক বলেন, আইভি রহমানকে যথাযথভাবে স্মরণ না করে দলীয় প্রতিপক্ষের বিষোদ্গার করা হয়েছে। এটা না করলেই ভালো হতো। এটা আসলে আইভি রহমানের স্মরণসভা হয়নি, হয়েছে কে কাকে কতটা মন্দাচার করতে পারে তার প্রতিযোগিতা।