স্মরণসভায় যুবলীগের দুই পক্ষে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে স্থানীয় সাংসদের উপস্থিতিতে আওয়ামী লীগের এক নেতার স্মরণসভায় যুবলীগের দুই পক্ষের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বদলকোর্ট উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বদলকোর্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন মির্জার মৃত্যুতে গতকাল এই স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সাংসদ এ এইচ এম ইব্রাহিম উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, সভা চলাকালে সঞ্চালক উপজেলা যুবলীগের একাংশের সভাপতি বেলায়েত হোসেনের নাম ঘোষণার সময় তাঁকে সভাপতি না বলে যুবলীগ নেতা বলেন। এ নিয়ে তাঁর সমর্থকেরা হইচই ও হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উপজেলা যুবলীগের অন্য অংশের সভাপতি ও চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর সমর্থকদের সঙ্গে বেলায়েতের সমর্থকদের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাংসদ এ এইচ এম ইব্রাহিম দাঁড়িয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়।
জানতে চাইলে বদলকোর্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান প্রথম আলোকে বলেন, সভা চলাকালে যুবলীগের কিছু নেতা-কর্মীর মাঝে ভুল-বোঝাবুঝি ও হট্টগোল হয়েছে। পরে সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে যায়, কোনো মারামারি হয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, যুবলীগের একাংশের সভাপতির পদবি না বলে নেতা বলায় তাঁর সমর্থকেরা খেপে যান। এ নিয়ে অপর অংশের নেতা-কর্মীদের মধ্যে গন্ডগোল দেখা দিলে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।