স্মার্টকার্ড দেওয়ার কথা বলে ফিঙ্গার প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন কার্যালয়ের লোক পরিচয় দিয়ে একটি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষকে স্মার্টকার্ড দেওয়ার কথা বলে তাঁদের ফিংগার ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নওগাঁর বদলগাছিতে ছয় দিন আগে দুই ব্যক্তি এসব তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন। 

এ ঘটনায় উপজেলার হাজীপুর গ্রামের কয়েকজন ব্যক্তি বদলগাছি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রতারক চক্রটি এসব ফিংগার ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে মুঠোফোনের সিম উঠিয়ে মুঠোফোনের মাধ্যমে অপরাধ কর্মকাণ্ড করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

ফিঙ্গার প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহকারী প্রতারকদের ধরিয়ে দিতে এবং ফিঙ্গার প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর কাউকে না দিতে উপজেলাবাসীকে সতর্ক করে মাইকিং করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিউদ্দিনের বরাত দিয়ে মাইকিং করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন উপজেলার হাজীপুর গ্রামে একটি মোটরসাইকেলে চড়ে দুই ব্যক্তি আসেন। তাঁদের কাছে দুটি আলাদা ট্যাব ছিল। তাঁরা দুজন নিজেদের নির্বাচন কমিশন কার্যালয়ের লোক পরিচয় দিয়ে গ্রামবাসীদের বলেন, সরকার আপনাদের স্মার্টকার্ড দেবে। এ কারণে আপনাদের ফিংগার প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রে নম্বর লাগবে।’ গ্রামের লোকজন সরল বিশ্বাসে তাঁদের ফিংগার প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দেন। গ্রামের তিন শতাধিক ব্যক্তির ফিংগার প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আলাদা ট্যাবে সংগ্রহ করা হয়। ঘটনাটি বদলগাছি উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিউদ্দীন শেখকে মুঠোফোনে জানানো হয়। নির্বাচন কর্মকর্তা মুঠোফোনে ওই দুই ব্যক্তির সঙ্গে কথাও বলেন। কিন্তু নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। পরে প্রতারণার বিষয়টি ফাঁস হয়। এরপর শনিবার ভুক্তভোগী কয়েকজন ব্যক্তি থানায় জিডি করেন।

বদলগাছি উপজেলা নির্বাচন কর্মকর্তা শফি উদ্দীন শেখ মাইকিং করার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই ব্যক্তি হাজীপুর গ্রামে গিয়ে ফিংগার ও জাতীয় পরিচয়পত্রে নম্বর সংগ্রহ করেছেন। ওই দুই ব্যক্তির একজন মুঠোফোনে আমাকে জানিয়েছেন তাঁর নাম মামুন। বাড়ি বগুড়ার কাহালুতে। নির্বাচন কমিশন কার্যালয়ের নজরুল ইসলাম তাঁদের এখানে পাঠিয়েছেন।’

বদলগাছি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ফিঙ্গার প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহের ঘটনায় গত শনিবার হাজীপুর গ্রামের ভুক্তভোগী কয়েক ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি করেছেন। প্রতারক চক্রটি সংগৃহীত ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে মুঠোফোনের তুলে তা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করতে পারে বলে ধারণা করছি।’