স্মৃতিস্মারকের জায়গায় অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তার গোলচত্বরে এক বছর আগে একটি স্মৃতিস্মারক নির্মাণের অনুমোদন দেয় সড়ক বিভাগ। কিন্তু সেটি নির্মাণ না হওয়ায় চত্বরের আশপাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। প্রতিদিন মানুষ সেখানে শৌচকর্ম করছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা থেকে আসা চারটি সড়কের মিলনস্থল এ গোলচত্বর। ২০০৭ সাল পর্যন্ত চত্বরের চারপাশ লোহার বেড়া দিয়ে ঘেরাও করা ছিল। ভেতরে ছিল নানা প্রজাতির গাছপালা। স্থানটি ছিল সবুজ ছায়াঘেরা। ২০০৮ সালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দুই লেনে উন্নীত করার সময় এ চত্বর ভেঙে ফেলা হয়। কেটে ফেলা হয় চত্বরের ভেতরের গাছগুলো। সড়ক নির্মাণকাজ শেষে চত্বরটির পরিধিও বাড়ানো হয়। কিন্তু সেটিতে লোহার বেড়া দেওয়া হয়নি। লাগানো হয়নি কোনো গাছ।
সড়ক ও জনপথ বিভাগ ঢাকার প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নান্দাইল উপজেলা পরিষদে পাঠানো একটি চিঠির (স্মারক নম্বর ২৮৭) সূত্রে জানা যায়, নান্দাইলের ১০০ বছর পূর্তি উপলক্ষে নান্দাইল চৌরাস্তার গোলচত্বরে একটি স্মৃতিস্মারক নির্মাণের অনুমোদন দেয় সড়ক বিভাগ। অনুমোদনের শর্তে বলা হয়, স্মারকের নকশা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রণয়ন, নির্মাণকাজের ব্যয় বহন ও দেখভাল করার দায়িত্ব নান্দাইল উপজেলা পরিষদকে করতে হবে। ওই চিঠিতে ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে নির্মাণকাজে সংশ্লিষ্ট থাকার নির্দেশনা দেওয়া হয়। ওই বছর অক্টোবর মাসে স্মারকের নির্মাণকাজ উদ্বোধন করেন স্থানীয় সাবেক সাংসদ আবদুস সালাম। উদ্বোধনের পর গোলচত্বরে পাইলিংয়ের কাজ শেষ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি কাজ আর এগোয়নি।
সরেজমিনে দেখা যায়, স্মারক নির্মাণের স্থানটি রঙিন টিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এলাকার কিছু ব্যক্তি চত্বরের চারপাশের প্রান্ত ঘিরে অস্থায়ী দোকানপাট তুলে ভাড়ায় খাটানোসহ বিভিন্নভাবে দখল করে নিয়েছে। চারপাশে আড়ালের সৃষ্টি হওয়ায় প্রতিদিন অনেক মানুষ এর ভেতরে শৌচকর্ম করছে।
চত্বরটির উত্তর পাশে অবস্থিত এএমএস মোটরস নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমান বলেন, চত্বরটি এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। দুর্গন্ধে টেকা দায়।
চত্বরের ভেতর দোকান তুলে চা বিক্রি করছেন জুয়েল মিয়া। তিনি বলেন, লিয়াকত আলী নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ১২ হাজার টাকায় দোকানটি কিনে এক বছর ধরে ব্যবসা করছেন।
পিঠা বিক্রেতা বাবুল মিয়া বলেন, তিনি জায়গা খালি পেয়ে এখানে দোকান তুলে ব্যবসা করছেন।
উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী বলেন, চৌরাস্তা গোলচত্বরে স্মৃতিস্মারক নির্মাণকাজের বিষয়ে তিনি অবগত নন। তবে ওই চত্বরে জাতীয় চার নেতার প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশে ও চৌরাস্তা গোলচত্বরে যত অবৈধ স্থাপনা রয়েছে, তা উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সহায়তা পেলেই উচ্ছেদ অভিযান শুরু করা হবে।