স্যানিটারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সিভিল সার্জন ওই কমিটি গঠন করেন। ওই কর্মকর্তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ ওঠে।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, স্যানিটারি কর্মকর্তা উৎপলা রানী দাস বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য বিক্রির লাইসেন্স দেওয়ার নাম করে ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ৯ সেপ্টেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘খাদ্য বিক্রির লাইসেন্সে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামের একটি খবর প্রকাশিত হয়। ওই দিনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপলা রানী দাসকে কারণ দর্শানোর নোটিশ দেন।
ঘটনা তদন্তে সিভিল সার্জন শাহ আলম শরীফ গত বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা হাসান ইমামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সাইফুল ইসলাম ও জেলা স্যানিটারি কর্মকর্তা খাদেমুল ইসলাম।
জেলা স্যানিটারি কর্মকর্তা খাদেমুল ইসলাম তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেছেন।