স্যালাইনে বিষ মিশিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূকে স্যালাইনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম রেখা আক্তার (২৪)। গত শুক্রবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. মানিক ও স্যালাইন প্রয়োগকারী পল্লিচিকিৎসক আবদুর রাজ্জাক পলাতক রয়েছেন।
খবর পেয়ে গত শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় রেখার বাবা ছালেহ আহমদ একটি অপমৃত্যুর মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে দুই সন্তানের জননী রেখা অসুস্থ হয়ে পড়লে তাঁর স্বামী স্থানীয় পল্লিচিকিৎসক আবদুর রাজ্জাককে খবর দেন। তিনি এসে শরীরে শিরার মাধ্যমে একটি স্যালাইন প্রয়োগ করেন। স্যালাইনটির এক-তৃতীয়াংশ শরীরে যাওয়ার পর হঠাৎ রেখা ছটফট করতে থাকেন। এরপর রেখাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রেখার লাশ বাড়িতে আনার পর স্বামী পালিয়ে যান।
নিহত রেখার বাবা ছালেহ আহমদ থানায় দায়ের করা অপমৃত্যু মামলার এজাহারে উল্লেখ করেন, মেয়ের মৃত্যুর পর তাঁর স্বামী এবং এলাকার পল্লিচিকিৎসক পালিয়ে যাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাই তিনি মৃত্যুর আসল কারণ চিহ্নিত করার দাবি জানান।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, পুলিশ যাওয়ার আগেই প্রয়োগ করা স্যালাইনের বাকি অংশ ফেলে দেওয়া হয়। পরে পুলিশ স্যালাইনের খালি ব্যাগটি জব্দ করে। সেটিতে বিষের গন্ধ পাওয়া গেছে। ঘটনার পর থেকে গৃহবধূ রেখার স্বামী মো. মানিক ও পল্লিচিকিৎসক পলাতক।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গৃহবধূ রেখার লাশের ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। রাসায়নিক পরীক্ষার পর মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।