স্যুটকেসের কভারের ভেতরে ৮০ লাখ রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল বিমানবন্দরে ৮০ লাখ ভারতীয় রুপি কাতার থেকে পাচার করে আনার অভিযোগে আজ বৃহস্পতিবার এক পাকিস্তানিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। তাঁর নাম ইমরান মাহমুদ (২৯)। রুপিগুলো স্যুটকেসের কভারের ভেতর লুকানো ছিল।

আটক রুপি বাংলাদেশের মুদ্রায় এক কোটি ৬৫ লাখ টাকার সমপরিমাণ। কাতার এয়ারওয়েজে করে দোহা থেকে করাচি হয়ে আজ সন্ধ্যা ছয়টায় ঢাকায় আসেন ইমরান। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার ইসরাত জাহান রুমার নেতৃত্বে একটি দল ইমরানকে বিমানবন্দরে গ্রিন চ্যানেল থেকে আটক করে।

ইসরাত জাহান প্রথম আলোকে জানান, স্যুটকেসের কভার খুলে অভিনব কায়দায় এসব রুপি লুকিয়ে রেখেছিলেন ইমরান। ৮০ লাখ রুপির মধ্যে ১০০০ রুপির নোট রয়েছে ২৫টি বান্ডিল এবং ৫০০ রুপির ১১০টি বান্ডিল। বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে রুপিগুলো জাল কি না, তা পরীক্ষা করা হবে।

ইমরানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে।