সৎছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় শুভরাড়া গ্রামে শাবলের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। ওই গৃহবধূর নাম নাজমা বেগম (৩৫)। সৎছেলে আবদুর রহিমের (২০) শাবলের আঘাতে গত শনিবার তিনি প্রাণ হারান। তিনি শুভরাড়া গ্রামের সরোয়ার হোসেন মোল্লার (৪৮) স্ত্রী।
বাশুয়াড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন খান বলেন, শাবলের আঘাতে নাজমা বেগমের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকার কয়েক ব্যক্তি ও পুলিশ সূত্র জানায়, সরোয়ার হোসেনের দুই স্ত্রী। নাজমা বেগম তাঁর দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে নাজমা বেগমের সঙ্গে স্বামী সরোয়ার হোসেন, শ্বশুর নূর মোহাম্মদ মোল্লা (৭৭), সতিন রেশমা বেগম (৩৮) ও সতিনের দুই ছেলেমেয়ে আবদুর রহিম ও তানিয়া বেগমের (১৮) ঝগড়া হয়। এ সময় সবাই মিলে তাঁকে বেদম প্রহার করেন। ঝগড়ার একপর্যায়ে সতিনের ছেলে আবদুর রহিম শাবল দিয়ে নাজমা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ওই দিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথে সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। নিহত নাজমা বেগমের নাজমিন নামের আট মাসের একটি মেয়ে রয়েছে।