সৎভাইদের সঙ্গে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে ধান কাটা নিয়ে সৎভাইদের সঙ্গে সংঘর্ষে শামসুল আলম মোল্লা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আজ বুধবার সকাল ছয়টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম মোল্লা ওই গ্রামের মৃত করিম মোল্লার ছেলে। তিনি উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সহসম্পাদক ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত করিম মোল্লার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ইলিয়াস, শাহজাহান ও কুদ্দুস নামের তিন ছেলে। দ্বিতীয় স্ত্রীর শামসুল আলম, খলিল, মাহাবুবসহ চার ছেলে রয়েছে। জমির মালিকানা নিয়ে সৎভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে শামসুলের ভাই কুদ্দুসের মালিকানাধীন জমির ধান কেটে নিয়ে যান সৎভাই ইলিয়াস মোল্লা। আজ বুধবার ভোরে এ ঘটনার প্রতিবাদ জানাতে শামসুল তাঁর সাত-আটজন সমর্থক নিয়ে ইলিয়াসের বাড়িতে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে শামসুলসহ নয়জন আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শামসুল, টিটো (৩৫), হেমায়েত (২৯), ইলিয়াস (৩৫), শাহজাহান (৪২) এবং ওমর আলীকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামসুল আলম মোল্লা দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শামসুল আলম মারা গেছেন।’
গুনবহা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, জমিজমা নিয়ে একই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। এ বিরোধে একটি পক্ষকে বাইরের কিছু লোক মদদ দিত।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধান কাটা নিয়ে দ্বন্দ্বে সৎভাইদের মধ্যে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।