সৎমা ও ভাইকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে এক যুবক তাঁর সৎমা এবং ভাইকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাড়িতে শৌচাগার বসানোর জায়গা নিয়ে রাতে গ্রামের মৃত নজরুল হক প্রধানের প্রথম স্ত্রীর ছেলে মাসুদ রানার (৩০) সঙ্গে সৎ ভাই আবু সাঈদের (৩৩) কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মাসুদ দা দিয়ে আবু সাঈদকে কুপিয়ে আহত করেন। এ সময় ছেলেকে বাঁচাতে সুফিয়া বেগম (৫০) এগিয়ে এলে তাঁকেও এলোপাতাড়ি কোপান মাসুদ। রাতেই মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার মাসুদ রানার সঙ্গে তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
চিকিৎসাধীন সুফিয়া বেগম বলেন, ‘মাসুদ কয়েক দিন ধরেই ছেলেসহ আমাকে গলা কেটে হত্যার হুমকি দিচ্ছিল। এ কারণে আমি গত সোমবার পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। এতে আরও ক্ষুব্ধ হয়ে রাতে আমাদের ওপর হামলা করে মাসুদ।’
হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট আমির হোসেন বলেন, মা ও ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনায় এখনো কোনো মামলা বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।