চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় শিশু খুনের ঘটনায় সৎমা, সৎভাইসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে চারজন গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ সূত্র জানায়, ৫ অক্টোবর বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছের ছেলে মোহাম্মদ সামিরকে (১১) খুন করা হয়। ৭ অক্টোবর নগরের ধুমপাড়া বেড়িবাঁধ এলাকায় একটি গর্ত থেকে সামিরের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, এই খুনের প্ররোচনা দেন সামিরের সৎমা বেবি আক্তার। আর খুনের ঘটনায় অংশ নেয় বেবির ১৬ বছর বয়সী ছেলে ও তার তিন বন্ধু, যাদের বয়স ১৬ বছরের নিচে। লাশ উদ্ধারের পর পুলিশ টানা অভিযান চালিয়ে বেবি আক্তারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, সামিরের ভাই পারভেজের সঙ্গে মাস খানেক আগে বেবি আক্তারের ঝগড়া হয়। এরপর সামিরকে খুন করতে বেবি আক্তার তাঁর ছেলেকে প্ররোচিত করেন।
ওসি বলেন, হত্যাকারীরা সবাই গ্রেপ্তার হয়েছে। খুনের সঙ্গে জড়িত চারজনই কিশোর। চার কিশোর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।