সৎমাকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় পারিবারিক দ্বন্দ্বে সৎমাকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্যের বিরুদ্ধে। এ অভিযোগে এই সন্তান ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ।
অ্যাসিডে দগ্ধ এই মা হলেন সৈয়দা নাসিমা আক্তার ওরফে তাহেরা (৪৫)। গত রোববার রাত ১০টার দিকে তাঁকে অ্যাসিড ছোড়া হয়। অভিযোগ পেয়ে ছুটিতে থাকা যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ল্যান্স নায়েক তাহেরার সৎছেলে জাহাঙ্গীর ফিরোজ ওরফে খোকন (৩০) ও স্বামী এস এম সুরুজ মিয়াকে (৬৮) রাতেই শহরের নাগড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। সুরুজ মিয়াও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।
গ্রেপ্তারের পর জাহাঙ্গীরকে নেত্রকোনা মডেল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। জাহাঙ্গীর বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সৎমা তাঁদের ফাঁসাতে তিনি নিজেই গায়ে অ্যাসিড ঢেলেছেন।
তাহেরা ও তাঁর নিজের ছেলে শাহাদাত করিম ওরফে লিটনের (২৮) ভাষ্যমতে, তাহেরা স্থানীয় বেসরকারি সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির আশ্রয়ণ প্রকল্পের কাউন্সেলর। তিনি অ্যাসিডদগ্ধ, স্বামী পরিত্যক্তা, নির্যাতিতা নারীদের পুনর্বাসনে কাজ করেন। তাহেরাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে সুরুজ বিয়ে করার পর থেকেই তাঁর (তাহেরা) সঙ্গে জাহাঙ্গীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। আবার পৈতৃকসূত্রে পাওয়া সম্পত্তি নিজ নামে লিখে দিতে স্বামী শুরু করেন শারীরিক নির্যাতন। এতে স্বামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
তাহেরা ও তাঁর ছেলে অভিযোগ করেন, এরই জের ধরে গত রোববার রাত ১০টার দিকে তাহেরার কর্মস্থলে গিয়ে তাঁকে অ্যাসিড ছুড়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যান জাহাঙ্গীর। এ সময় তাহেরা অফিসে তালা লাগিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাহেরার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।
লিটন বলেন, ‘আমার বাবা ও সৎভাই সব সময়ই আমাদের ওপর অত্যাচার করেন। মেরে ফেলার হুমকি দেন। শনিবার রাতে সত্যি-সত্যিই আমার মাকে মেরে ফেলতে চেয়েছিলেন তাঁরা।’
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মুজিবর রহমান ও নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর আলম ঘটনাস্থল পরিদর্শন ও তাহেরাকে দেখতে যান। কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম বলেন, তাঁর বুক, পিঠ, মুখের নিচের অংশ ও হাত ঝলসে গেছে। রাতেই তাঁকে ঢাকায় অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনে (এএসএফ) পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ওই দুজনকে আসামি করে গতকাল সোমবার শাহাদাত মামলা করেছেন। জাহাঙ্গীর বিজিবির সদস্য হওয়ায় তাঁকে বিজিবির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। আর সুরুজ মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।