সৎমাকে কুপিয়ে জখম, ছাত্রলীগের কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় গতকাল রোববার সকালে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন এক নারী। তাঁর মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। হাতের রগ কেটে গেছে। এ ঘটনায় ওই নারীর সৎছেলেকে আটক করেছে পুলিশ।
ওই নারীর নাম আনোয়ারা বেগম (৩৫)। তিনি উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামের সাদেকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আনোয়ারাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হারুন অর রশিদ (২৫) ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। তাঁর বড় ভাই হাসিনুর রহমান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদরের রাজাগাঁও গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম ও ঘনিমহেশপুর গ্রামের সাদেকুল ইসলামের কয়েক দিন আগে বিয়ে হয়। এটা ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। সাদেকুলের প্রথম স্ত্রী ও সন্তানেরা এ বিয়ে মেনে নিতে পারেননি। ফলে সাদেকুল গত শনিবার রাতে আনোয়ারাকে বাড়ির পাশে টিনের ঘর তৈরি করে সেখানে তোলেন। গতকাল সকালে সাদেকুলের প্রথম স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হারুন ওই বাড়িতে ঢুকে আনোয়ারাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এলাকাবাসী তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক মো. রোকনুল হক বলেন, আনোয়ারার মাথা, দুই হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে। তাঁর ডান হাতের রগ কেটে গেছে। মাথার আঘাতও গুরুতর। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আনোয়ারাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আনোয়ারার সৎছেলে হারুন অর রশিদকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।